সেবা পরম ধর্ম - এই মূল লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৫ই এপ্রিল বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ (১৪৩৩) উপলক্ষ্যে বিলোনিয়া মহাকুমায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী বিভিন্ন সেব...
সেবা পরম ধর্ম - এই মূল লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৫ই এপ্রিল বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ (১৪৩৩) উপলক্ষ্যে বিলোনিয়া মহাকুমায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষদের পাশে দাড়াঁনোর জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসাবে সোমবার ঋষ্যমুখ ব্লক এলাকাধীন ত্রিপুরা বাজার এলাকার সাতটি পরিবার, হরিপুর এলাকার দুটি পরিবার, বিবেকানন্দ কলোনি এলাকার ছয়টি পরিবার, রামকৃষ্ণ কলোনি এলাকার একটি পরিবার, বিলোনিয়া মুনুর মুখ এলাকার তিনটি পরিবার, রাজনগরের বড়পাথরী এলাকার তিনটি পরিবার এবং ডিমাতলী এলাকার তিনটি পরিবার সহ মোট - ২৬টি পরিবারের মধ্যে নতুন জামাকাপড় সহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।
শুধুমাত্র বস্ত্রবিতরনই নয় বস্ত্রবিতরনের পাশাপাশি উপকৃত পরিবারগুলির স্কুলপড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যেও নতুন জামা কাপড় সহ খাতা, কলম ইত্যাদি প্রদান করা হয়। পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে সহায়তা প্রদান করার জন্যই এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলেই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।
এই কর্মসূচি আগামী আরও দুই দিন অব্যাহত থাকবে। এছাড়াও আগামী ১৫ই এপ্রিল ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা।