এডিসি নির্বাচনের অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়া বজায় রাখতে বড় পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। গত রবিবার ভোটগ্রহণ চলাকালীন অনিয়মের অভিযোগে ১৭ নং পেকুয়ারজলা-জন্মে জয়নগর নির্বাচনী কেন্দ্রের ৩৯ নম্বর ...
এডিসি নির্বাচনের অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়া বজায় রাখতে বড় পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। গত রবিবার ভোটগ্রহণ চলাকালীন অনিয়মের অভিযোগে ১৭ নং পেকুয়ারজলা-জন্মে জয়নগর নির্বাচনী কেন্দ্রের ৩৯ নম্বর পোলিং বুথে (হীরাপুর এস বি স্কুল) পুনঃভোটের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
কমিশন সূত্রে জানা গেছে, হীরাপুর এস বি স্কুলের ওই বুথটিতে ভোট চলাকালীন কিছু অসাধু ব্যক্তি ইভিএমে কারসাজি করে নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা চালিয়েছিল। বিষয়টি নিয়ে ভিডিও প্রমাণ এবং নিযুক্ত পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কমিশন নিশ্চিত হয় যে, সেখানে স্বচ্ছতা বিঘ্নিত হয়েছে। ফলে নির্বাচনের অখণ্ডতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই পূর্বের ভোট বাতিল করে নতুন করে জনমত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন সচিব অনুরাগ সেন আরও জানান, ১৬ এপ্রিলের পুনঃভোট যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং ত্রুটিমুক্ত হয়, তার জন্য যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রে মোতায়েন করা হবে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী, যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা কারচুপির পুনরাবৃত্তি না ঘটে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই বিষয়ে একটি গেজেট নোটিফিকেশন ও জারি করেছেন।