আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখার কাজ করে চলছে ত্রিপুরা পুলিস। বুধবার ত্রিপুরা পুলিস সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে সেকথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা।...
আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখার কাজ করে চলছে ত্রিপুরা পুলিস। বুধবার ত্রিপুরা পুলিস সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে সেকথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন রাজ্য পুলিসের প্রশংসা করে বলেন ,দুর্ঘটনায় মৃত্যুর হার কমান থেকে শুরু করে মাদকদ্রব্য পাচার রোধ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিসের ভূমিকা প্রশংসনীয়।
বুধবার এডি নগরের পুলিস মাঠে ত্রিপুরা পুলিস সপ্তাহ উদযাপন উপলক্ষে পুলিস প্যারেড অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিসের ডিজি অনুরাগ ধ্যানকর ,স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে ত্রিপুরা পুলিসের প্যারেড প্রত্যক্ষ করে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিসের ভূমিকা সন্তোষজনক।
অপরাধ দমনে পুলিসের ভূমিকা-
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে রাজ্যে অপরাধের হার ৮.৩০ শতাংশ হ্রাস পেয়েছে, পাশাপাশি মামলার সংখ্যাও হ্রাস পেয়েছে। ২০২৪ সালের রাজ্যে অপরাধজনিত মামলার সংখ্যা ছিল ৪ হাজার ৩৩ টি। যা ২০২৫ সালে কমে হয়েছে ৩ হাজার ৬৯৮ টি। সম্পত্তি বিষয়ক অপরাধের ঘটনায় দেশের ২৮ টি রাজ্যের মধ্যে ত্রিপুরা সর্বনিম্ন। মুখ্যমন্ত্রী জানান ,এনসিআরবি'র তথ্য অনুসারে যেখানে জাতীয় ক্ষেত্রে প্রতি ১ লক্ষ জনসংখ্যায় মামলার হার ৬৩.১ শতাংশ, সেখানে রাজ্যে প্রতি ১ লাখ জনসংখ্যায় মামলার হার মাত্র ১০.৯ শতাংশ।
পথ নিরাপত্তায় পুলিসের ভূমিকা-
শুধু অপরাধমূলক কাজ কমানোর ক্ষেত্রেই নয় রাজ্যে দুর্ঘটনার হাক কমাতেও গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পুলিস। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে দুর্ঘটনায় মৃত্যু হার ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ১৩ শতাংশ হ্রাস পেয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিসের ভূমিকা-
মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রাজ্য পুলিস ।পুলিসের সক্রিয় উদ্যোগে ২০২৫ সালে এনডিপিএস মামলা বৃদ্ধি পেয়েছে ১১.০৬ শতাংশ। গাঁজা উদ্ধার বৃদ্ধি পেয়েছে ১৪. ৪১ শতাংশ। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ১৪৫.৭৫ শতাংশ কাফ সিরাপ বেশি উদ্ধার করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। মুখ্যমন্ত্রী জানান ,২০২৫ সালে ১ হাজার ৬৪১.৮৯ কোটি টাকার গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান ২০২৫ সালে রাজ্যে ৫৭৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অনুপ্রবেশের ঘটনায় যুক্ত থাকা ১০২ জনকে। সাইবার সংক্রান্ত অপরাধেও এক কদম এগিয়ে ত্রিপুরা পুলিস। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, "পুলিসের চাকরিটা আত্মত্যাগের ।পুলিসের কারণেই আজ সারা রাজ্যের মানুষ সুরক্ষিত। মানুষ পুলিসের উপর নির্ভরশীল। পুলিসের সক্রিয় উদ্যোগের কারণেই দীর্ঘ বছর বাদে ত্রিপুরায় বর্তমানে শান্তির পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। সার্বিকভাবে রাজ্যের শান্তিশৃঙ্খলা ও আইনরক্ষার মূল কারিগর রাজ্য পুলিস।"
মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিসের মহা নির্দেশক অনুরাগ ধ্যান কর। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন থানা গুলোকে নতুন গাড়ি প্রদান করা হয়। পাশাপাশি নিরাপত্তার কাজের জন্য রাজ্য পুলিশসকে ১১৪ টি মোটরসাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানের পর এডি নগর পুলিস মাঠে মুখ্যমন্ত্রী পুলিস সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে যোগ দেন।